অনলাইন ডেস্ক:
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান, যিনি মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি টেলিভিশন নাটকে কাজ করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে বর্তমানে টিভি নাটকে তাকে তেমন দেখা যায় না, বরং বিশেষ দিবসের নাটকগুলোর মাধ্যমে তার উপস্থিতি পাওয়া যায়। সম্প্রতি অহনা নতুন একটি নাটকের কাজ শুরু করেছেন, যেখানে তিনি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন। নাটকটির নাম ‘বন্দি’, যা ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
নাটকটির বিষয়ে অহনা রহমান বলেন, “আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং কিছু মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। ‘বন্দি’ একটি ভিন্ন ধরনের গল্প। এটি লাভ স্টোরি, সেড স্টোরি এবং অতিরিক্ত সন্দেহের প্রভাব তুলে ধরে। গল্পে একজন মানুষ যখন অন্যের কাছে আশ্রয়ের জন্য যায়, কিন্তু সেই আশ্রয়টিই দুর্বল হয়ে পড়ে, তখন তার জীবন কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি দেখানো হয়েছে। এই নাটকটি একটি সামাজিক বার্তা দেয়।”
নাটকটিতে অহনার সঙ্গে অভিনয় করছেন সম্ভাবনাময়ী অভিনেতা আবু হুয়ায়রা তানভীর। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে অহনা বলেন, “আমি সবসময় এমন সহশিল্পী চাই, যার অভিনয় ভালো। তানভীর এখন দারুণ অভিনয় করছে। এটি আমাদের প্রথম কাজ, এবং তার অভিনয় সত্যিই প্রশংসনীয়।”
নাটকটি নির্মাণ করেছেন জিয়া উদ্দিন, এবং রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। চিত্রগ্রহণ করেছেন সাখাওয়াত হোসাইন সাকিব। নাটকে অহনা, তানভীর ছাড়াও অভিনয় করেছেন বাসার বাপ্পী, সাবিনা রনি, মেঘদূত বিপ্লব, রিয়াদ তালুকদারসহ আরও অনেকে। ভালোবাসা দিবসে মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।











