‘মির্জাপুর’ সিরিজের সাফল্য এবং ওটিটি ইন্ডাস্ট্রির নতুন বাস্তবতায় শ্বেতা ত্রিপাঠি

অনলাইন ডেস্ক:

ওটিটি প্ল্যাটফর্মে দারুণ জনপ্রিয়তা পাওয়া শ্বেতা ত্রিপাঠি এখন শীর্ষ তারকাদের তালিকায়। তার অভিনীত সিরিজ মির্জাপুর সাফল্যের শীর্ষে পৌঁছানোর পর, বর্তমানে ইয়ে কালি কালি আঁখে সিরিজের দ্বিতীয় মৌসুমেও দুর্দান্ত সাড়া পাচ্ছেন তিনি। সম্প্রতি, একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজের কাজ ও ওটিটি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

শ্বেতা ত্রিপাঠি বলেন, মির্জাপুর সিরিজের সাফল্য এবং ইয়ে কালি কালি আঁখে মৌসুম ২-এর সাফল্য তাঁকে অত্যন্ত উৎসাহিত করেছে। “আমি যেখানেই যেতাম, সবাই জানতে চাইত, ‘ইয়ে কালি কালি আঁখে ২’ কবে আসবে?” – শ্বেতা বলেন। তিনি আরও যোগ করেন, “আমরা প্রচুর পরিশ্রম করেছি, আর তার ফলও পাচ্ছি। দর্শকদের কাছ থেকে যে প্রশংসা পাচ্ছি, সেটা অনেক বড় প্রাপ্তি।”

শ্বেতা জানালেন, প্রথম মৌসুম থেকে দ্বিতীয় মৌসুমে শিখা চরিত্রে ফিরে আসার জন্য তিনি আগের মৌসুমটি আবারও দেখেছিলেন। “আমার অভিনীত চরিত্রের শারীরিক ভাষা ও কণ্ঠস্বর ঝালিয়ে নেওয়ার জন্য আমি আগের কিস্তি দেখতে পছন্দ করি,” – বলেন তিনি। তিনি জানান, নতুন মৌসুমে আগের ভুলগুলো সংশোধন করতে সর্বোচ্চ চেষ্টা করেন।

ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগিতা বেড়েছে এবং শ্বেতাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি প্রতিযোগিতা পছন্দ করেন? এ বিষয়ে অভিনেত্রী বলেন, “আমি প্রতিযোগিতায় বিশ্বাসী নই, তবে মাঝে মাঝে হিংসা হয়। অন্য কারও অভিনীত চরিত্র দেখে মনে হয়, আমি যদি ওই চরিত্রে অভিনয় করতে পারতাম!” তিনি উল্লেখ করেন, “পুরুষ অভিনেতাদের চরিত্রগুলো দেখে বেশি হিংসা হয়। যেমন, ইয়ে কালি কালি আঁখে-এ তাহির (রাজ ভাসিন) যেভাবে চরিত্রে অভিনয় করেছে, আমি চাইব এমন চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে।”

বর্তমান প্রজন্মের মনোযোগ ও ধৈর্য কমে যাওয়ার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। “মানুষ এখন সহজে এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে চলে যায়। এখন আর কেউ কোন কিছুতে মনোযোগ দিতে পারে না,” – বলেন শ্বেতা।

সাফল্যের বিষয়ে তার চিন্তা কিছুটা ভিন্ন। তিনি বলেন, “আজকাল সমাজই সফলতার সংজ্ঞা নির্ধারণ করে দেয়। সফলতা মানে শুধু দামি পোশাক, গাড়ি বা বাড়ি, কিন্তু এগুলোর বাইরে আমরা নিজেদের পরিচয় ভুলে যাচ্ছি।” তিনি আরও বলেন, “আমার কাছে সবচেয়ে জরুরি বিষয় হল, নিজের প্রতিভাকে আরও উন্নত করা এবং যে কোনো চরিত্রে মনপ্রাণ ঢেলে অভিনয় করা।”

শ্বেতা ত্রিপাঠি জানান, তার অভিনীত মির্জাপুর এবার সিনেমা হিসেবে আসছে এবং সেখানে আগের চরিত্রগুলোর বেশিরভাগই ফিরছে।