নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এ করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাসের। তবে ইনজুরির কারণে মাঠে নামার আগেই তার পিএসএল যাত্রা শেষ হয়ে গেল।
পিএসএলের এবারের আসরে সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে দলে ভিড়িয়েছিল করাচি কিংস। বিসিবির কাছ থেকে পূর্ণাঙ্গ টুর্নামেন্টে খেলার অনুমতিও পেয়েছিলেন তিনি। সেই অনুযায়ী পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেন এই ডানহাতি ব্যাটার।
কিন্তু অনুশীলনের সময় আঙুলে চোট পান লিটন। পরে স্ক্যান করে জানা যায়, তার আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিটন নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন:
“করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আঙুলে চোট পেয়ে স্ক্যান করার পর দেখা যায়, আঙুলে চিড় ধরেছে। সুস্থ হতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।”
তিনি আরও লেখেন,
“দুঃখজনকভাবে, আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি। করাচি কিংসের সকলকে শুভকামনা জানাচ্ছি।”
উল্লেখ্য, লিটনের অনুপস্থিতি করাচি কিংসের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। তার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্ত-সমর্থকরা।










