সরকারকে ন্যায়বিচার দিতে হবে : আলাল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের নামে যে মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার মামলা রয়েছে, সেগুলো তুলে নেওয়ার জন্য সরকার দাবাড়–দের মতো গুটি সাজাচ্ছে। এটা ন্যায়বিচার নয়। আমরা এ সরকারের কাছে শুধু ন্যায়বিচার চাই।”

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেগুলো এখনও কেন তুলে নেওয়া হচ্ছে না? যে মামলাগুলোর কোনো তথ্যপ্রমাণ নেই, সেগুলোর ভিত্তিতে আমাদের সাজা দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করার অভিযোগে যে বিচারক ১২ বছরের সাজা দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে সেই বিচারককে প্রমোশন দিয়ে বিচারপতি বানানো হয়েছে।”

শেখ হাসিনার উদ্দেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আপনি বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, আর আজ বাংলাদেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে। কোথাও এমন নজির নেই যেখানে কোনো সরকার ১৫ বছর ক্ষমতায় থাকার পর গণঅভ্যুত্থানের কারণে সবাই দেশ ছেড়ে পালিয়েছে।”

তিনি আরও বলেন, “আজ দেশের শাসনব্যবস্থায় যারা জনগণের রোষানলে পড়ে পালিয়েছে, তাদের কাছে আমাদের ১৬ বছরের সময় ফেরত চাওয়ার কোনো উপকার হবে না। কারণ তাদের দেওয়ার কিছু নেই, তারা শুধু দেশের মানুষের কাছ থেকে আরও কিছু নিতে চায়।”

এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও সমালোচনা করেন, বলেন, “এখন মানুষ প্রশ্ন করছে, সংসার নাকি সংস্কার? কারণ মানুষের সংসার চলা দায় হয়ে গেছে, সব কিছুই দাম বেড়ে যাচ্ছে।”

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ কামাল আহমেদ, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক, এল কে রনি, দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতারা।