সংস্কারের পক্ষে বিএনপি, সবকিছুর মূলে জনগণ: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং দলটির মূল নীতিতেই সংস্কার অন্তর্ভুক্ত—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার শুরুতেই তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি সংস্কারের দল। আমরা গতকাল কমিশনের প্রধান উপদেষ্টাকে বলেছি, কেউ কেউ যখন সংস্কার শব্দ উচ্চারণ করেননি, তখন দেশনেত্রী খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করেছেন।”

তিনি আরও বলেন, “সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়। আর জনগণ কাদের মাধ্যমে তাদের সম্মতি জানান, সেটাও আমরা জানি।”

জাতীয় সংসদের এলডি হলে সকাল সাড়ে ১০টায় এই আলোচনা শুরু হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব নিরুজ্জামান খান।

আলোচনায় সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ উত্থাপন হয়েছে বলে জানা গেছে। আজকের মধ্যে আলোচনা শেষ না হলে আগামী সপ্তাহে আবারও বিএনপির সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।