জেলা প্রতিনিধি :
ফেনী শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অপরাধে ওসমান গনি নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৩ মে) সন্ধ্যায় ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ওসমান গনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শিয়ালের মাংস বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযুক্ত ওসমান গনির বিরুদ্ধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, “অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।” তিনি বন্যপ্রাণী নিধন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান।











