নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বে-টার্মিনাল প্রকল্পে প্রাথমিক পর্যায়ে দুই বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বৃহস্পতিবার বে-টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, “প্রথম দুটি কন্টেইনার টার্মিনালের একটিতে পিএসএ সিঙ্গাপুর এবং অন্যটিতে ডিপি ওয়ার্ল্ড দুবাই এক বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে। এতে সরাসরি ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আশা প্রকাশ করেন, ২০৩১ সালের মধ্যেই পুরো টার্মিনাল অপারেশনে যাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান, “বে-টার্মিনালে মোট তিনটি টার্মিনাল হবে—এর মধ্যে দুটি কনটেইনার এবং একটি মাল্টিপারপাস টার্মিনাল। মাল্টিপারপাস টার্মিনালটি ওপেন টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩.৫ বিলিয়ন ডলার।”
পরিদর্শন শেষে আশিক চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। দুপুরে তিনি রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
বিকেলে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে।











