নিজস্ব প্রতিবেদক:
২০২৪-২৫ অর্থবছর শেষ হতে এখনো এক মাস বাকি থাকলেও রেমিট্যান্সে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এটি আগের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ২ শতাংশ বেশি। এর আগে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।
চলতি বছর মার্চ মাসে একক মাস হিসেবে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে মাসিক রেকর্ড। এপ্রিলে এসেছে ২.৭৫ বিলিয়ন ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ।
এছাড়া মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনা, কেন্দ্রীয় ব্যাংকের তদারকি, এবং মধ্যপ্রাচ্যসহ শ্রমবাজারে চাহিদা বৃদ্ধির কারণেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।











