আওয়ামী লীগ নিষিদ্ধ করা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণই এই সরকারের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্যে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ লেখেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। লড়াই যেন থামছেই না।” তিনি উল্লেখ করেন, “জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়া রাজপথই আমার স্বাভাবিক জায়গা। মাঝে মাঝে মনে হয়, সব ছেড়ে রাজপথে নেমে যাই। কিন্তু গণ-অভ্যুত্থানের পাহারাদার হয়ে থেকে যেতে হয়, ছাত্র-জনতার আওয়াজ পৌঁছে দিতে।”

সরকারে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “সরকারে থাকা এখন যেন দু’ধারী তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা। একদিকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হয়, অন্যদিকে রাষ্ট্রীয় ক্ষমতার ভরকেন্দ্রের সন্দেহ সহ্য করতে হয়।”

আসিফ মাহমুদ আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়া জুলাই জনতার আরেকটি বিজয়। যারা এখনও আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তারা সতর্ক না হলে নিজেদের পতনের মুখে পড়বেন।”

অপর এক স্ট্যাটাসে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়ার ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে কমিশনকে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, “যারা এই ঘটনায় জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো আপস নয়।”