খাগড়াছড়িতে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি :

খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আমের বাগানে। ঝড়ে গাছ থেকে ঝরে পড়েছে বিপুল পরিমাণ অপরিপক্ব আম, গাছের ডালপালা ভেঙে যাওয়ার পাশাপাশি কিছু গাছও উপড়ে গেছে। এতে আমচাষি ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

খাগড়াছড়ির ভূয়াছড়ি এলাকার আম বাগানের উদ্যোক্তা মংশিতু চৌধুরী জানান, “আমার বাগানে অন্তত ৫-৬ মেট্রিকটন আম পড়ে গেছে। বেশ কিছু গাছের ডালপালা ভেঙে গেছে।” মাটিরাঙ্গার মুসলিম পাড়া এলাকার বাগান মালিক ও আম ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন বলেন, “বাগানে ঝড়ো বাতাসে কয়েকটি আম গাছ ভেঙে গেছে। ঝড়ে অনেক কাঁচা আম পড়ে গেছে, যেগুলো এখনও পরিপক্ব হয়নি এবং বাজারে বিক্রি করাও সম্ভব নয়।”

এছাড়া, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায়, যেমন মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, গুইমারা ও পানছড়ি এলাকায় আম ও অন্যান্য ফলের বাগানেও ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে আমে দাগ ও পচন দেখা দিয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাব্বি হাসান জানিয়েছেন, “আমরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করছি। চাষিদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে দ্রুত সহযোগিতার দাবি জানিয়েছেন।