নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক ঋণ বা টাকা ছাপিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “আমরা মোটামুটি বাস্তবসম্মত বাজেট করবো। বিশাল ঘাটতি রেখে বাজেট নয়। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে ঋণ করে বাজেট নয়। ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ বা টাকা ছাপানোর পরিকল্পনাও নেই।”
তবে সামান্য ঘাটতির কথা স্বীকার করে তিনি জানান, “সেই ঘাটতি কাটাতে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বসে প্রকল্পভিত্তিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।”
বাজেটের আকার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “সেটা সময় হলে জানা যাবে।”
বৈঠকে বেশ কিছু প্রকল্প অনুমোদনের কথা জানানো হয়। অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের নদীর পাড়গুলো ভেঙে গেছে, সেগুলো রক্ষায় ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তেলেও কিছু ঘাটতি রয়েছে, তাই রাইস ব্র্যান অয়েল আমদানির কথা বলেছি। এছাড়া এলএনজি আমদানি নিয়েও সিদ্ধান্ত হয়েছে।”
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে নতুন অধ্যাদেশ প্রসঙ্গে কাস্টমস কর্মকর্তাদের আপত্তি সম্পর্কে অর্থ উপদেষ্টা জানান, “সবার মতামত বিবেচনায় নিয়েই অধ্যাদেশ তৈরি করা হয়েছে। এটি সুচিন্তিত এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে তৈরি। এনবিআরের টার্মস অব রেফারেন্স অনুযায়ী কাজ হবে।”
তিনি বলেন, “পলিসি ডিভিশন ও ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক নয়। এনবিআর নীতিনির্ধারণ নয়, বাস্তবায়ন করবে। এতে স্বার্থের দ্বন্দ্ব কমবে।”
রাজস্ব আদায়ের অগ্রগতি সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, “গত বছরের তুলনায় এ বছর ২ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে, যা মোটেই হতাশাজনক নয়।”











