নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ৯ মাসে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি না করেও বিনিময় হার স্থিতিশীল রয়েছে। এই পরিপ্রেক্ষিতে, এখন বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গভর্নর বলেন, “ডলারের রেট দীর্ঘদিন ১২২ টাকার আশেপাশে রয়েছে এবং এটা হঠাৎ করে ১৪০ বা ১৫০ হবে, এমনটা যুক্তিসংগত নয়। আমাদের বিনিময় হার নির্ধারিত হবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী, অন্য দেশের চাপে নয়। বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ আছে।”
তিনি আরও সতর্ক করে বলেন, কিছু সিন্ডিকেট কোম্পানি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক সচেতন থাকবে এবং সার্বক্ষণিক নজরদারি করবে। অনৈতিকভাবে বাজারে অস্থিরতা সৃষ্টি করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জুন মাসের মধ্যে বাংলাদেশকে ১৩৩ কোটি ডলারের পরবর্তী কিস্তি প্রদান করবে।











