মুন্সীগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি :

মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া দেওয়ানকান্দি গ্রামে সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুজন মোল্লার (৫০) বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের একপর্যায়ে সেলিনা আত্মরক্ষার জন্য অন্য ঘরে পালিয়ে যান। কিন্তু পেছন থেকে ঘাড়ে কোপ মেরে তাকে নির্মমভাবে হত্যা করেন সুজন। নিহত সেলিনা মুন্সীগঞ্জের বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, ৯ মাস আগে সেলিনা ও সুজনের বিয়ে হয়। প্রথম দিকে সংসার ভালো চললেও বিগত ছয় মাস ধরে সন্দেহের জেরে সুজন প্রায়ই সেলিনার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

নিহত সেলিনার মা সুফিয়া বেগম বলেন, সুজন একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। মেয়ের ওপর তার সন্দেহ ছিল চরম পর্যায়ে। সম্প্রতি সেলিনা তার আগের ঘরের মেয়ের সন্তান দেখতে বকচরে যান, আর সেই নিয়েই শুরু হয় ভয়াবহ ঝগড়া, যার পরিণতিই এই নির্মম হত্যাকাণ্ড।

সেলিনার এটি ছিল দ্বিতীয় বিয়ে। তার প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। তার পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত সুজনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।