খুলনায় তেলবাহী ট্যাংকলরির চাপায় ৩ জন নিহত

জেলা প্রতিনিধি :

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোলনা এলাকায় শনিবার (১৭ মে) সকালে তেলবাহী একটি ট্যাংকলরির সঙ্গে যাত্রীবাহী থ্রি হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ রয়েছেন। আহতরা হলেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামান, যাদেরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহিন্দ্রাটি চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে ধাক্কা লাগে, যার ফলে তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মণ্ডল জানান, এই দুর্ঘটনার কারণ ছিল বেপরোয়া গতি এবং সড়কের বেহাল অবস্থা।

নিহত দুই শিক্ষক খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা আদায়সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।