যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অতিরিক্ত ভয়ের কিছু নেই: ড. দেবপ্রিয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

“যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, বাস্তবে ততটা ভয়ের কিছু নেই,” বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্ম-পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় জানান, বাণিজ্য অর্থনীতিতে ‘চূড়ান্ত শত্রু’ বলে কিছু নেই এবং বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতোমধ্যেই সমঝোতার আলোচনা চলছে। “আমাদের ওপর ট্যারিফ দিলে তা যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতির কারণ হবে। তাদের আমদানি ব্যয় বাড়বে, কারণ শুল্কের প্রভাব তাদের দিকেও পড়বে,” তিনি বলেন।

তার মতে, বাংলাদেশের সামনে এখনও দুই বছরের সময় রয়েছে, যা কৌশলগতভাবে ব্যবহার করা জরুরি। “এই সময় আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি কি না, সেটাই এখন দেখার বিষয়,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “শুধুমাত্র ট্রেড পলিসি দিয়ে এই ট্যারিফ পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। আমাদের পণ্যের বৈচিত্র্য আনতে হবে এবং সেবা খাতে মনোযোগ বাড়াতে হবে। আমাদের শক্তির জায়গা থেকেই কৌশল নির্ধারণ করতে হবে।”

সরকারের প্রাথমিক প্রতিক্রিয়াকে ইতিবাচক বলে মন্তব্য করে ড. দেবপ্রিয় বলেন, “আমাদের হাত-পা কাঁপানোর দরকার নেই।”

এ সময় তিনি সরকারি সংস্কার কার্যক্রমে ব্যক্তিখাতকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।