জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের বিপরীত পাশে পদ্মা নদীর চরে ভেসে আসা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।
এর আগে দুপুর ১১টার দিকে নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজন জেলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের উত্তরে নদীর মাঝামাঝি বালুর চরে লাশটি ভাসতে দেখেন। সন্ধ্যায় স্থানীয়রা দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালে, ওসি ত্রিনাথ সাহার নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
ওসি ত্রিনাথ সাহা জানান, “ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৬ মে) বিকেলে ঝড়ের সময় ফেরি বা লঞ্চ থেকে পড়ে ওই ব্যক্তি পদ্মা নদীতে নিখোঁজ হন। নিহতের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর। সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পকেটে কেবল ৪৫০ টাকা পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “রবিবার (১৮ মে) ফরিদপুর থেকে পিবিআই’র একটি দল এসে প্রযুক্তিগত সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাবে। লাশটি বর্তমানে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশ বলছে, পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে।











