জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির ১১ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

এর আগে ২৬ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় জামায়াত। তখন তারা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং একজন ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন— এসব প্রস্তাবের পক্ষে মত দেয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন দেশের রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিয়ে কাজ করছে। তারা এরই মধ্যে সাংবিধানিক, জনপ্রশাসন, নির্বাচনী, বিচার বিভাগীয় এবং দুর্নীতিবিরোধী— পাঁচটি খাতে সংস্কারের প্রস্তাব তৈরি করেছে এবং ৩৯টি রাজনৈতিক দলকে মতামত জানাতে আহ্বান জানিয়েছে।

এই প্রক্রিয়ায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৩৪টি রাজনৈতিক দল ইতোমধ্যে লিখিত মতামত জমা দিয়েছে। জাতীয় ঐকমত্য গঠনের এই প্রচেষ্টা ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো ও নির্বাচনী ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।