নিজস্ব প্রতিবেদক:
বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৯ মে) বিকেলে স্টারলিংকের পক্ষ থেকে ফোন কলে বিষয়টি জানানো হয় এবং পরদিন সকালে প্রতিষ্ঠানটি তাদের এক্স হ্যান্ডলে (পুরোনো টুইটার) বাংলাদেশে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়।
স্টারলিংক প্রাথমিকভাবে দুটি প্যাকেজ চালু করছে— Starlink Residential এবং Residential Light। এদের মধ্যে একটির মাসিক খরচ ৬,০০০ টাকা এবং অপরটির ৪,২০০ টাকা। উভয় প্যাকেজেই এককালীন সেটআপ খরচ নির্ধারণ করা হয়েছে ৪৭,০০০ টাকা।
ফাইজ় তাইয়েব আহমেদ বলেন, “এই সেবায় কোনো স্পিড বা ডেটা লিমিট নেই। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আজ থেকেই বাংলাদেশে অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে।”
তিনি আরও বলেন, “যদিও খরচ তুলনামূলক বেশি, তবে এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের, নিরবিচ্ছিন্ন এবং টেকসই ইন্টারনেট সেবার বিকল্প তৈরি করেছে। বিশেষ করে প্রত্যন্ত ও ফাইবারবিহীন এলাকায় এটি বড় পরিবর্তন আনবে।”
ফ্রিল্যান্সার, এনজিও, উদ্যোক্তা এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।











