ষষ্ঠ দিনে নগরভবন অবরোধ: ইশরাককে দায়িত্ব না দিলে আন্দোলন চলবেই

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে ষষ্ঠ দিনের মতো নগরভবন অবরোধ করে রেখেছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে নগর ভবনের সামনে জড়ো হন। এতে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অবস্থান কর্মসূচির ফলে নগরভবনের কার্যক্রম অচল হয়ে পড়েছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মকর্তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার কার্যালয়ে ঢুকতে পারছেন না বলে জানা গেছে।

নেতাকর্মীরা নগরভবনের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান বাজিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন, “আদালতের রায় অনুযায়ী ইশরাক এখন মেয়র। তাই দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে ‘নাটের গুরু’ বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপির ইশরাক হোসেন। তবে চলতি বছরের মার্চে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে, কিন্তু শপথ এখনও অনুষ্ঠিত হয়নি।

সরকারি ব্যাখ্যায় বলা হচ্ছে, আইনি জটিলতা থাকায় শপথের বিষয়টি আটকে আছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “সব জটিলতা নিরসন না করে আমরা সিদ্ধান্তে যেতে পারছি না।”

তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ— “সরকার ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে।” সাবেক সচিব মশিউর রহমান বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা নগর ভবন ঘিরে কর্মসূচি চালিয়ে যাব।”

গেন্ডারিয়ার ব্যবসায়ী শিহাব হোসেন বলেন, “ইশরাক ভাইয়ের প্রতি অন্যায় হয়েছে। এখন যেহেতু আদালত তাকে মেয়র ঘোষণা করেছে, তাকে চেয়ারে বসতেই হবে।”

তবে নগরভবনের চলমান অচলাবস্থায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। নাগরিক সেবা ব্যাহত হওয়ায় ভুক্তভোগীরা দ্রুত সমাধান চান।