আটক তিনজনকে ছাড়িয়ে আনায় এনসিপি নেতা হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক:

আটক তিনজনকে থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এই নোটিশটি দলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

নোটিশে বলা হয়, ধানমন্ডি থানার আওতাধীন একটি আবাসিক এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজন সমন্বয়ককে আটক করে পুলিশ। যাদের একজন—মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী—নৈতিক স্খলনের কারণে আগেই অব্যাহতি পেয়েছিলেন। এরপরও আব্দুল হান্নান মাসউদ তাদের মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন।

এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, “আমি শুধু খোঁজ-খবর নিতে গিয়েছিলাম। একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি মীমাংসা হয়েছে। বাইরের অনেকে এই ঘটনায় জড়িত, আমরা তা খতিয়ে দেখছি।”

আটকের পর মুক্তি পাওয়া বাকি দু’জন হলেন ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফারহান সরকার দিনার এবং মো. উল্লাহ জিসান। জিসানের কোনো সাংগঠনিক পদ নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এনসিপির শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।