ইসি পুনর্গঠন না হলে এনসিপি কোনো ভোট হতে দেবে না: নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বুধবার (২১ মে) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এতে সভাপতিত্ব করেন পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

বক্তব্যে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এই কমিশন দিয়ে এনসিপি কোনো নির্বাচন হতে দেবে না।” তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতেই হবে।”

নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, “ইসির উপদেষ্টা প্যানেলে বিএনপিপন্থীরা রয়েছে, বিভিন্ন দালাল চক্র নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে।” তিনি বলেন, “আমরা মুজিবীয় সংবিধান পোড়ানোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।” একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের ‘এক্সটেনশন অফিস’ হিসেবে আখ্যায়িত করেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও আইনজ্ঞ ড. আসিফ নজরুলকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করলে দেশে থাকতে দেওয়া হবে না।”

বিক্ষোভ ঘিরে সকাল সাড়ে ১১টা থেকেই আগারগাঁও নির্বাচন ভবনের সামনে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন।
ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
নির্বাচন ভবন ঘিরে পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন করা হয়। ভবনের সামনের রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, “আমরা মাঠে নেমে এক দাবি আদায় করেছি— আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। কিন্তু তাদের নির্বাচন কমিশন ও সংবিধান এখনও বহাল আছে।”