নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনকালীন রোডম্যাপ চাওয়াকে কিছু উপদেষ্টা ‘মহাপাপ’ হিসেবে দেখছেন— এমন অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা চাওয়া কি মহাপাপ? উপদেষ্টাদের মন্তব্য শুনে মনে হচ্ছে, তারা বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু উপদেষ্টা নিজেদের এখতিয়ার অতিক্রম করছেন, যা রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে।
রিজভী পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দিকেও সরাসরি ইঙ্গিত করে বলেন, “তার দায়িত্ব পরিবেশ রক্ষা। কিন্তু তিনি এখন নির্বাচন নিয়ে কথা বলছেন। আমরা এখনও বিষাক্ত বাতাসে শ্বাস নিই, নদী রক্ষায় তার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।”
এ সময় তিনি কুমিল্লায় একজন উপদেষ্টার পুলিশ কর্মকর্তাকে ফোন করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার অভিযোগও তোলেন। “এ ধরনের আচরণ অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নষ্ট করে। এজন্য ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি যৌক্তিক,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দল অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার এবং একটি অবাধ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।”
রিজভীর দাবি, “আমাদের আন্দোলনের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। কিন্তু এখন নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত চলছে।”











