অনলাইন ডেস্ক:
এআই এখন আর শুধু রেসিপি, গণিত কিংবা অ্যাসাইনমেন্ট তৈরির টুল নয়—এটি হয়ে উঠেছে চিকিৎসাক্ষেত্রের সহকারীও। গবেষকরা দাবি করছেন, এখন একটি সেলফি বিশ্লেষণ করেই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বলতে পারবে কারও বয়স কত এবং তিনি শারীরিকভাবে কতটা সুস্থ।
আমেরিকার বস্টনের একটি স্বাস্থ্যসংস্থা তৈরি করেছে ‘ফেসএজ’ নামের একটি এআই টুল, যা মানুষের মুখের ছবি বিশ্লেষণ করে নির্ধারণ করতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির বায়োলজিক্যাল এজ এবং সম্ভাব্য রোগের লক্ষণ। এই টুলটি কাজ করে ডিপ লার্নিং অ্যালগরিদম-এর মাধ্যমে এবং মূলত হাজার হাজার মুখাবয়বের ছবি বিশ্লেষণ করে শেখে কীভাবে রোগ বা বয়সের লক্ষণ চেনা যায়।
‘আইবল টেস্ট’ পদ্ধতি থেকে অনুপ্রাণিত
ফেসএজ মডেলটির ধারণা এসেছে চিকিৎসকদের তথাকথিত ‘ক্লিনিক্যাল আই’ বা চোখের অভিজ্ঞতা থেকে। একজন অভিজ্ঞ চিকিৎসক অনেক সময় রোগীকে দেখেই প্রাথমিক রোগ ধরতে পারেন—এটাকেই বলা হয় আইবল টেস্ট। ঠিক এই নীতিই অনুসরণ করে কাজ করে ফেসএজ। এটি মুখের বিভিন্ন বৈশিষ্ট্য দেখে সম্ভাব্য বয়স ও স্বাস্থ্যঝুঁকি নির্ণয় করে।
গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা
এই সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে প্রভাবশালী মেডিকেল জার্নাল Lancet Digital Health-এ। এরই মধ্যে পাইলট স্টাডি শুরু হয়েছে এবং শিগগিরই বিভিন্ন দেশের হাসপাতালগুলোতে এটি ব্যবহার শুরু হবে বলে জানানো হয়েছে। গবেষকরা দাবি করেছেন, এটি কোনোভাবেই চিকিৎসকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য নয়, বরং তাদের সিদ্ধান্তকে আরও নির্ভুল করতে সহায়ক হবে।











