রিমনের বিরুদ্ধে দুদকের মামলা

জেলা প্রতিনিধি :

দুর্নীতি দমন কমিশন (দুদক) বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রিমনের বিরুদ্ধে ৫ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ১৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, “রিমনের নামে মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে তার দায়-দেনা ১৫ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৯৯৭ টাকা। ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৬৯০ টাকা।” তিনি আরও জানান, ১৯৯৪-১৯৯৫ করবর্ষ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত রিমনের পারিবারিক ব্যয় ছিল ১৬ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৮৪৫ টাকা, যার পরিপ্রেক্ষিতে অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৫৩৪ টাকা। তবে, এসব সম্পদের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার ৩৭০ টাকার।

এছাড়া, রিমনের স্ত্রীর বিরুদ্ধে ২ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৫৮২ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্যও দুদকের কাছে রয়েছে। এই বিষয়ে তার স্ত্রী রওনককেও সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

১৭ সেপ্টেম্বর দুদক রিমনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানায় দুদক।

সূত্রের তথ্য মতে, রিমনের নামে বরিশাল, ঢাকা এবং বরগুনা অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় জমি রয়েছে। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ ৫৬ হাজার ৫৬৩ টাকার অকৃষি জমি এবং ৫৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকার কৃষি জমি রয়েছে। তার নামে ১৫ কোটি ১ লাখ ৮৩ হাজার ৬৪০ টাকার ব্যবসার পুঁজি এবং ৪৬ লাখ টাকার অন্যান্য বিনিয়োগও রয়েছে।

উল্লেখ্য, শওকত হাচানুর রহমান রিমন দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৬ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।