নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে কখনোই স্থান হবে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িত, তাদের কাউকেই যেন বিএনপিতে না নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদই গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র প্রতিষ্ঠান হতে পারে।”
বিএনপি মহাসচিব জনগণের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে বলেন, “জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আমি জানি না। সব প্রতিষ্ঠানে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে এটিই হবে দেশের সবচেয়ে বড় রক্ষাকবচ।”
এছাড়া, শীতার্ত মানুষের সহায়তার বিষয়েও তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি। সরকারিভাবে শীতবস্ত্রের বরাদ্দ দ্রুত আসবে, এমনটাই আশা ছিল। তবে এখনো আসেনি, তাই জেলা বিএনপি নিজস্ব অর্থায়নে কিছু কম্বল বিতরণ করছে। আশা করছি, শীঘ্রই অসহায় মানুষরা সরকারি সহযোগিতা পাবে।”
এ সময় জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











