ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমলেও কেরোসিনের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশে আবারও কমানো হলো ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শনিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, নতুন মূল্যহারে প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৩ টাকা করে কমানো হয়েছে। তবে বিপরীতে কেরোসিনের দাম বেড়েছে ১০ টাকা।

নতুন দাম রবিবার (১ জুন) দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন মূল্যের তালিকা অনুযায়ী,

ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা,

অকটেন ১২৫ টাকা থেকে ১২২ টাকা,

পেট্রোল ১২১ টাকা থেকে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১১৪ টাকায় উন্নীত হয়েছে, যা এখন পেট্রোলের তুলনায় ৪ টাকা কম।

গত ১৯ মে প্রকাশিত ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসারে, কেরোসিনের দাম এখন থেকে পেট্রোলের চেয়ে লিটারপ্রতি ৪ টাকা কম হবে। পূর্বে ডিজেল ও কেরোসিনের একই দাম ছিল।

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, জুন মাসে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে এই মূল্য পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ১ মে জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছিল।