নিজস্ব প্রতিবেদক:
আজ (২ জুন, সোমবার) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট জাতির সামনে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সময় বিকাল ৪টার পরিবর্তে বাজেট ভাষণটি বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনকে বিটিভি থেকে ফিড নিয়ে একযোগে ভাষণ প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
সূত্র জানায়, উচ্চ মূল্যস্ফীতি এবং প্রকৃত আয় কমার আশঙ্কা থাকলেও বাজেটে বড় ধরনের কর সংস্কারের সম্ভাবনা নেই।
প্রত্যাশিত গুরুত্বপূর্ণ দিকসমূহ:
-
ব্যক্তিগত আয়কর: করমুক্ত আয়ের সীমা এবারও ৩ লাখ ৫০ হাজার টাকাই থাকার সম্ভাবনা, যদিও মূল্যস্ফীতির কারণে বাড়ানোর দাবি ছিল।
-
কোম্পানি কর: তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ২.৫% বাড়িয়ে ২৭.৫% করা হতে পারে। ৩০ লাখ টাকার বেশি লেনদেন করা কোম্পানির সর্বনিম্ন কর ১% হতে পারে (বর্তমানে ০.৬%)।
-
মার্চেন্ট ব্যাংক: করহার কমিয়ে ২৭.৫% করার প্রস্তাব রয়েছে (বর্তমানে ৩৭.৫%)।
-
কর ছাড় ও সুবিধা:
-
নতুন করদাতাদের উৎসাহ দিতে ন্যূনতম কর ৩-৫ হাজার টাকার বদলে ১ হাজার টাকা হতে পারে।
-
আত্মীয়দের উপহারে কর ছাড়ের সুযোগ ভাই-বোন পর্যন্ত বিস্তৃত হতে পারে।
-
বেসরকারি খাতের কর্মীদের করমুক্ত সুবিধা ৪.৫ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হতে পারে।
-
নিয়োগকারীরা কর্মীদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত ব্যয় দেখাতে পারবেন, আগের সীমা ছিল ১০ লাখ।
-
-
আয়কর রিটার্ন: সেবা গ্রহণে বাধ্যতামূলক রিটার্ন জমা দেওয়ার শর্ত কিছুটা শিথিল হতে পারে। সঞ্চয়পত্রে রিটার্ন লাগবে না, তবে ক্রেডিট কার্ডে লাগবে।
-
জমি-ফ্ল্যাট কেনাবেচা ও কালো টাকা: ঢাকায় কর ৮% থেকে কমিয়ে ৬%, বিভাগীয় শহরে ৬% থেকে ৪%, ও অন্যান্য এলাকায় ৪% থেকে ৩% করার প্রস্তাব রয়েছে। কালো টাকা বিনিয়োগে কর দেওয়া ও উৎস ঘোষণার বিধান থাকছে।
-
আবগারি কর: ব্যাংক হিসাবে এক লাখ টাকার নিচে কর না থাকলেও নতুন সীমা হতে পারে তিন লাখ টাকা।
-
পণ্যের দাম:
-
বাড়তে পারে: ফ্রিজ, এসি, মোবাইল ফোন, রড, ফেসওয়াশ, লিপস্টিক, চকলেট।
-
কমতে পারে: বাস, মাইক্রোবাস, চিনি, মাখন, সফট ড্রিংকস, বিশেষ কাগজ ও ক্রিকেট ব্যাট।
-
এই বাজেট দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনজীবনের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ হবে, তা জানার অপেক্ষায় এখন পুরো দেশ।











