অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট পাস, আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

জাতীয় সংসদ না থাকায় এই বাজেট পেশের প্রক্রিয়া হয়েছে ভিন্নভাবে। আজ (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের পূর্ব-রেকর্ডকৃত বাজেট বক্তব্য রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত হবে। পাশাপাশি বিটিভির ‘ফিড’ নিয়ে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনেও বাজেট বক্তব্য প্রচার করার অনুরোধ জানানো হয়েছে তথ্য বিবরণীতে।

বৈঠকসূত্রে জানা গেছে, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবারের বাজেটের মূল লক্ষ্য। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই কিছুটা সংকুচিত আকারে বাজেট প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার কিছুটা কমানো হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে সরকারের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যার মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রয়েছে উল্লেখযোগ্য অংশ।