গাজীপুরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ৫৭টি ঘর

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি :

গাজীপুরের কোনাবাড়ি এলাকার দুটি কলোনিতে অগ্নিকাণ্ডে ৫৭টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, রাত ১২টার দিকে কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় দুটি কলোনির ৫৭টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায়। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।