নিজস্ব প্রতিবেদক:
আজ ২৬ জুন, পদ্মা সেতুতে যান চলাচলের তিন বছর পূর্তি। ২০২২ সালের এই দিনে দেশের বহুল প্রতীক্ষিত এই স্থাপনা খুলে যায় সাধারণ মানুষের জন্য। গত তিন বছরে সেতু পার হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৯২টি যানবাহন, এবং আদায় হয়েছে ২ হাজার ৫০৪ কোটি ৬৭ লাখ ৬২ হাজার ৮০০ টাকা টোল।
সেতুর উপর দিয়ে চলছে সড়কপথ এবং নিচ দিয়ে ছুটছে ট্রেন। একদিকে গাড়ি, অন্যদিকে রেল—দুই মাধ্যমে রাতদিন চলমান যোগাযোগ বদলে দিয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও জীবনধারা।
সড়ক ও রেল সংযোগের বিবর্তন
-
২০২২ সালের ২৫ জুন সেতুর উদ্বোধন হলেও পরদিন ২৬ জুন থেকে যান চলাচল শুরু হয়।
-
২০২৩ সালের ১০ অক্টোবর চালু হয় পদ্মা সেতুর রেলপথ (ঢাকা–ভাঙ্গা সংযোগ)।
-
২০২৪ সালের ২৪ ডিসেম্বর চালু হয় পুরো রেল লিঙ্ক প্রকল্প—ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়।
খুলনার বিউটি আক্তার বলেন, “ঢাকা থেকে মাত্র সাড়ে ৩ ঘণ্টায় খুলনা—এটা যেন স্বপ্ন।”
বেনাপোলের হাবিবুর রহমান বলেন, “পদ্মা সেতুর প্রভাব এখন পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে।”
তিন বছরে যানের পরিসংখ্যান ও টোল
| বছর | মোট যান | টোল আয় |
|---|---|---|
| ১ম বছর | ৫৬,৯৪,৮৯৯ | ৭৯৮.৬০ কোটি টাকা |
| ২য় বছর | ৬৮,০১,৩৭৪ | ৮৫০.৪৩ কোটি টাকা |
| ৩য় বছর | ৬৯,৯৫,২২৯ | ৮৬১.২২ কোটি টাকা |











