নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ দেড় মাসের টানা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে সোমবার (৩০ জুন) থেকে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তারা। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে দেখা গেছে, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিয়মিত কার্যক্রমে অংশ নিচ্ছেন।
তবে, এখনো এনবিআর কার্যালয়ের ভেতরে ও আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এদিন সকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান নিজেও কার্যালয়ে উপস্থিত হন।
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আসে রবিবার রাতের এক গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে সম্মত হয়ে সংগঠনটি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের আমদানি-রফতানি কার্যক্রম ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় এবং জনগণের ভোগান্তি কমাতে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তারা বলেন, ব্যবসায়ী নেতাদের আন্তরিক অনুরোধ এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে, এনবিআরে সংস্কার বাস্তবায়নের দাবিতে গত ১২ মে থেকে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামে। এতে দেশের রাজস্ব আদায়ে স্থবিরতা দেখা দেয় এবং গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে।











