জাতিসংঘের নির্যাতনবিরোধী ঐচ্ছিক প্রটোকলে যুক্ত হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

নিষ্ঠুর নির্যাতন ও অমানবিক আচরণ প্রতিরোধে জাতিসংঘের ঐচ্ছিক প্রটোকল (OP-CAT) অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০২ সালে ঘোষিত এই ঐচ্ছিক প্রটোকলটি জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনের একটি সংযোজন, যার লক্ষ্য হলো ব্যক্তি ও গোষ্ঠীকে নির্যাতন ও অপমানজনক আচরণ থেকে আরও কার্যকর সুরক্ষা প্রদান। বাংলাদেশ ১৯৯৮ সালে মূল কনভেনশনে যুক্ত হয়েছিল।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR) বাংলাদেশে স্থাপনের জন্য খসড়া সমঝোতা স্মারকের চূড়ান্ত অনুমোদন, যা দেশের মানবাধিকার পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া, মালয়েশিয়ার জহুর বাহরুতে নতুন একটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন পায়। সভায় ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়।

পরিষদের সভায় ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিও আলোচনা হয়। সংশ্লিষ্ট উপদেষ্টারা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সরকারের গৃহীত ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।