বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ৮.৮৪% প্রবৃদ্ধি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) খাতে ৮.৮৪ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় দেশের আরএমজি রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সবচেয়ে বড় বাজার হিসেবে রয়েছে শীর্ষে, যেখানে রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ৫০.১০%)।

মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার এবং যুক্তরাজ্যে ৪.৩৫ বিলিয়ন ডলার। কানাডা, জার্মানি, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং ইতালিতেও রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

বিশেষভাবে নেদারল্যান্ডসে ২১.২১%, সুইডেনে ১৬.৪১% ও তুরস্কে ২৫.৬২% প্রবৃদ্ধি বাংলাদেশের বাজার বৈচিত্র্যের সম্ভাবনাকে উজ্জ্বল করছে।

নন-ট্র্যাডিশনাল বাজারে রপ্তানি ৫.৬১% বেড়ে দাঁড়িয়েছে ৬.৪৪ বিলিয়ন ডলার। এখানে জাপান, অস্ট্রেলিয়া, ভারত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
তবে, রাশিয়া, কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কিছুটা রপ্তানি হ্রাস পরিলক্ষিত হয়েছে।

নিটওয়্যার ও ওভেন দুই উপখাতেই প্রবৃদ্ধি যথাক্রমে ৯.৭৩% ও ৭.৮২%।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “নতুন বাজারে প্রবেশ ও পণ্যে উদ্ভাবন এখন কেবল কৌশল নয়, বরং অপরিহার্যতা। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মূল্য নয়, বরং দীর্ঘমেয়াদি সুবিধা ও বিশ্বাস তৈরি করাই এখন মূল চাবিকাঠি।”