জাপানে ভারী তুষারপাতের পূর্বাভাস: যান চলাচলে ব্যাঘাতের সতর্কতা

অনলাইন ডেস্ক:

শীতকালীন একটি শক্তিশালী চাপ বলয়ের কারণে জাপান সাগরের উপকূলীয় এবং পাহাড়ি এলাকাগুলোতে আজ রোববার পর্যন্ত ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য জানিয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জেএমএর পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার সকাল থেকে ২৪ ঘণ্টার মধ্যে নিগাতা প্রিফেকচারে ৭০ সেন্টিমিটার, হোকুরিকু এবং টোকাই অঞ্চলে ৬০ সেন্টিমিটার এবং হোক্কাইডো, কান্তো-কোশিন এবং কিনকি অঞ্চলে ৫০ সেন্টিমিটার তুষারপাত হতে পারে।

আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই ভারী তুষারপাত বছর শেষে ভ্রমণের গুরুত্বপূর্ণ সময়ে যান চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে। যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত, আওমোরি প্রিফেকচারের সুকাইউ এলাকায় তুষারপাতের পরিমাণ ৩১২ সেন্টিমিটার এবং নিগাতা প্রিফেকচারের সুনান গ্রামে ১৮৪ সেন্টিমিটারে পৌঁছেছে।

জেএমএর মতে, শীতকালীন চাপ বলয়ের কারণে পশ্চিম থেকে উত্তর জাপান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। এই প্রবাহের ফলে তুষারপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করার তাগিদ দিয়েছে আবহাওয়া দপ্তর।