নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) সম্প্রসারণের জন্য সেনাবাহিনীর কাছে প্রতীকী মূল্যে হস্তান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার।
মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “এখন থেকে জমি কিনেই নিতে হবে। সরকার আর কাউকেই টোকেন প্রাইসে জমি দেবে না। কারণ প্রতীকী মূল্যে জমি দিলে অনেক সময় তা যথাযথভাবে ব্যবহৃত হয় না।”
যদিও সেনাবাহিনীর জমি চাহিদার বিষয়ে বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, তবে জমির বাজারমূল্য পরিশোধ করে নিতে হবে বলে জানান উপদেষ্টা।
জমির অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “টোকেন প্রাইসে জমি দিলে দেখা যায় ১০ একর প্রয়োজন হলেও চাওয়া হয় ১০০ একর জমি।”
বলা হয়েছে, জলিল টেক্সটাইল মিলটি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে এবং সেনাবাহিনীর আওতাধীন বিওএফ জমির মূল্য বিটিএমসিকে পরিশোধ করবে।











