নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে জাল বন্ড ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার ছেলে আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান এফ রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজার থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
কমিশনের তদন্ত প্রতিবেদনে উঠে আসে, সালমান ও শায়ান ‘আইএফআইসি আমার বন্ড’ নামে একটি বন্ড বাজারে ছাড়েন, যা বাস্তবে আইএফআইসি ব্যাংকের ইস্যু করা নয়। যদিও ব্যাংকটি বন্ডটির জামিনদার ছিল, মূল অর্থ সংগ্রহ করে শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামের একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। এভাবে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হয়।
এ ঘটনায় শুধু সালমান ও শায়ানই নয়, আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক সিইও ইমরান আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিতর্কিত এই বন্ড অনুমোদনের দায়ে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন এবং কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও আইএফআইসি ব্যাংকের তৎকালীন পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সতর্ক করা হবে অন্য পাঁচ পরিচালকের—এআরএম নাজমুস সাকিব, গোলাম মোস্তফা, জাফর ইকবাল, কামরুন নাহার আহমেদ এবং সুধাংশু শেখর বিশ্বাসকে।
বন্ডটির ক্রেডিট রেটিং প্রদানকারী প্রতিষ্ঠান এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, বন্ড প্রতারণায় জড়িত সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











