নিজস্ব প্রতিবেদক:
২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই অনলাইন প্ল্যাটফর্মে করদাতাদের সাড়া মিলছে ব্যাপক হারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-রিটার্ন কার্যক্রম চালুর প্রথম ১০ দিনেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন প্রায় এক লাখ করদাতা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধনের পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোট ৯৬ হাজার ৯৪৫টি রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে।
এনবিআর জানিয়েছে, গত বছর একই সময়ের তুলনায় এ বছর অনলাইন রিটার্ন দাখিলের হার প্রায় পাঁচ গুণ বেড়েছে। ২০২৪ সালের একই সময়ে জমা পড়েছিল মাত্র ২০ হাজার ৫২৩টি ই-রিটার্ন।
গত ৩ আগস্ট এনবিআর এক আদেশে জানায়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন বা বিদেশে অবস্থানরত করদাতা এবং মৃত করদাতার প্রতিনিধিদের ব্যতীত সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক। পরে ১১ আগস্ট সংশোধিত আদেশে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এনবিআর আরও জানায়, নিবন্ধন বা রিটার্ন দাখিলে সমস্যা হলে যৌক্তিক কারণ দেখিয়ে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনার বরাবর ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করলে, অনুমোদন সাপেক্ষে পেপার রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।
কর পরিশোধ ও রিটার্ন জমা দেওয়ার পদ্ধতিও আগের চেয়ে সহজ করা হয়েছে। এখন করদাতারা ব্যাংক ট্রান্সফার, কার্ড বা বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে রিটার্ন জমা দিয়ে তাৎক্ষণিকভাবে রশিদ ও সনদ প্রিন্ট করতে পারছেন।
করদাতাদের সহায়তার জন্য চালু রয়েছে এনবিআর কল সেন্টার (০৯৬৪৩-৭১ ৭১ ৭১) এবং ই-ট্যাক্স পোর্টালের (www.etaxnbr.gov.bd) eTax Service অপশন।
এনবিআর করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, যথাসময়ে প্রকৃত তথ্য দিয়ে রিটার্ন জমা দিয়ে আইন মেনে কর পরিশোধ করার মাধ্যমে জাতীয় উন্নয়নে অংশ নিতে।











