চীনের খনিজ শিল্পে বিপ্লব

অনলাইন ডেস্ক:

চীনের খনিজ সম্পদ আহরণে গত বছর একটি নতুন রেকর্ড স্থাপন করেছে, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চায়না মাইনিং অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম ১১ মাসে ১০টি প্রধান অলৌহ ধাতুর উৎপাদন ৭ কোটি ২২ লাখ ৮৮ হাজার মেট্রিক টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪.৪ শতাংশ বেশি। এর মধ্যে কপার এবং অ্যালুমিনিয়ামের উৎপাদন ছিল উল্লেখযোগ্য।

এছাড়া, চীনে লোহার আকরিক উৎপাদনেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৪ সালের প্রথম ১১ মাসে লোহার আকরিকের উৎপাদন ১.৯ শতাংশ বেড়ে ৯৫ কোটি ২০ লাখ টনে পৌঁছেছে এবং বছরের শেষে এটি ১০৩ কোটি ৮০ লাখ টন ছাড়াবে বলে আশা করা হচ্ছে।

হুনান প্রদেশে এ বছর ৪০টিরও বেশি স্বর্ণের আকরিক আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে একটি এলাকায় স্বর্ণের ঘনত্ব প্রতি টনে ১৩৮ গ্রাম, এবং মূল অনুসন্ধান এলাকায় মোট স্বর্ণের মজুদ ৩০০ টনের বেশি।

চায়না মাইনিং অ্যাসোসিয়েশনের মহাসচিব ছে ছাংবো জানান, চীনের খনিজ শিল্প আন্তর্জাতিক খনিজ বিনিয়োগ ও ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৪০টি খনিজ কোম্পানির মধ্যে ৮টি চীনের।

এটি স্পষ্ট করে যে, চীনের খনিজ শিল্প শুধু দেশীয় অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও বিশাল প্রভাব রেখে চলেছে।