চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন উদ্বোধনের মাধ্যমে জ্বালানি পরিবহনে নতুন যুগের সূচনা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হচ্ছে। আগামী শনিবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ৩,৬৫৩ কোটি টাকার চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন প্রকল্প। এতে মাত্র ১২ ঘণ্টায় ৫০ লাখ লিটার ডিজেল নারায়ণগঞ্জ ও ঢাকায় পৌঁছানো সম্ভব হবে, যা সময় ও ব্যয়ের দিক থেকে একটি যুগান্তকারী পরিবর্তন।

এই প্রকল্পটি পরিবেশবান্ধব, নিরাপদ ও সাশ্রয়ী— যা প্রতিবছর প্রায় ৩০০ কোটি টাকা সাশ্রয় করতে পারবে। আগে যেখানে শতাধিক কোস্টাল ট্যাংকারে তেল পরিবহনে ৪৮ ঘণ্টা সময় লাগতো, এখন তা ১২ ঘণ্টায়ই পৌঁছানো সম্ভব হবে।

প্রকল্পের আওতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসার্ধের ২৪২ কিলোমিটার পাইপ এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত ৮ কিলোমিটার অতিরিক্ত পাইপ স্থাপন করা হয়েছে। কুমিল্লা ও নারায়ণগঞ্জে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক তেল রিজার্ভার ও ডিপো।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হয়েছে। আধুনিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো পাইপলাইনের কার্যক্রম মনিটর ও নিয়ন্ত্রণ করা যাবে।

বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানান, পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে সাড়ে ৪ কোটি লিটার তেল সরবরাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন এটি বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।

বিশেষজ্ঞরা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহন চালু হলে সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে, পরিবহন খরচ কমবে এবং দেশের জ্বালানি খাত আরও আধুনিক ও কার্যকর হয়ে উঠবে।