ঢাকায় নিত্যপণ্যের দাম বেড়ায় ক্ষুব্ধ ক্রেতারা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যা ভোক্তাদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি করেছে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

আলু, কচু ও কাঁচা পেঁপে ছাড়া সব ধরনের সবজি এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গ্রীষ্মকালীন সবজি যেমন ঢ্যাঁড়স ও পটোল বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, আর বরবটি, বেগুন, চিচিঙ্গা, ঝিঙ্গা, কাঁকরোলের মতো সবজির দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে।

সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের দামে। কিছুদিন আগেও যা ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ থেকে ৩২০ টাকা প্রতি কেজিতে। চালকুমড়া বিক্রি হচ্ছে ৭০ টাকা, লাউ ১০০ টাকা এবং প্রতি কেজি মিষ্টি কুমড়ার ফালি ৪০ টাকা দরে।

সবজির পাশাপাশি ডিম ও মুরগির দামেও দেখা গেছে ঊর্ধ্বগতি। এক মাস আগেও যেখানে ডিমের ডজন বিক্রি হতো ১২০-১২৫ টাকায়, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০-১৫৫ টাকায়। পাড়ার দোকানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা দরে।

ডিম বিক্রেতারা বলছেন, সবজির দাম বাড়ার কারণে ডিমের চাহিদা বেড়েছে, সেই সঙ্গে বৃষ্টির কারণে ডিমের সরবরাহেও বিঘ্ন ঘটেছে।

ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০-২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮৫ টাকায়। আর সোনালি মুরগির কেজি ৩০০-৩২০ টাকা।

এমন দামের বাড়তি চাপে দিশেহারা মধ্যবিত্ত পরিবারগুলো। মালিবাগ বাজারে এক ক্রেতা বলেন, “আয়ের সঙ্গে খরচের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছি। সবজি কম কিনে এখন অল্প অল্প করে চালাতে হচ্ছে।”

একজন বিক্রেতা জানান, বর্তমানে চাষাবাদের মৌসুম নয়, তার উপর অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কম, আর এটাই মূল্যবৃদ্ধির মূল কারণ।