অনলাইন ডেস্ক:
নড়াইল কারাগারে হুমায়ুন শেখ (৪২) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন হুমায়ুন শেখ। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন।
গত কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। গত শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল জেলা কারাগারের জেলার মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, তিনি কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। গত শুক্রবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে নড়াইল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবারদুপুরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











