অনলাইন ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা বেগম। স্থানীয়রা জানান, বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জে দেওয়া ছিল।
ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।
হামলার শিকার দোকানির মৃত্যু: এদিকে, চাঁপাইনবাবগঞ্জের জালমাছমারী এলাকায় বিকাশের দোকান থেকে ওঠানো ছেঁড়া ১০০ টাকার লেনদেন নিয়ে বাগবিতন্ডাকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবুল হোসেন শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার বাসিন্দা। জানা যায়, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল নিহত বাবুলের ভাই নজরুল ইসলামের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা ক্যাশআউট করেন।
এর দুই ঘণ্টা পর আবারও দোকানে এসে ১০০ টাকার একটা ছেঁড়া নোট রয়েছে বলে ফেরত নেওয়ার দাবি জানালে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১০-১৫ জন লোক নিয়ে দোকানে হামলা চালান আসাদুল। ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন বাবুল হোসেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যান স্বজনরা। গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকদের। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।










