জাতীয় নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ইসি

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া কোনো বিকল্প নেই। ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই।”

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, নির্বাচনী কর্মকর্তারাও দায় এড়াতে পারবেন না। জীবন ঝুঁকির মুখেও কেউ অনিয়ম বা ফাঁকিবাজি করলে তা বরদাশত করা হবে না।”

কমিশনার আনোয়ার নির্বাচনী কাজে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এবারের নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারেন। প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।”

অন্য কমিশনাররা জানান, এবারের নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। পাশাপাশি তারা কৃচ্ছ্রসাধনের বদলে মিতব্যয়ী নির্বাচন আয়োজনের পরামর্শ দেন, যাতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় না হয়।