অনলাইন ডেস্ক:
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য ও একজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দীন। এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর মোড় এলাকা তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা উত্তরপাড়া গ্রামের মৃত আব্বাস খানের ছেলে মো. রুবেল খান (২৬), আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকার আব্দুস সালামের ছেলে মো. স্বাধীন হাসান (২৫), গাজীপুরের কাশিমপুর থানার লতিফপুর পশ্চিমপাড়া মোহাম্মাদিয়া নগরের মো. শুকুর আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (২৫), একই এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে মো. সৌরভ হোসেন (২০)। এছাড়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করে লাল চাঁন ওরফে বাদশা চোরকে গ্রেপ্তার করে ডিবির অপর একটি দল। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
এসময় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর মোড় থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ ছিনতাইকারী ও আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। ঢাকা জেলার ডিবি (উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দীন বলেন, গ্রেপ্তাররা সবাই পেশাদার ছিনতাইকারী ও চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










