অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দেশের যখনই ক্রান্তিকাল আসে তখনই জিয়া পরিবারের আত্মত্যাগের মাধ্যমে সাধারণ মানুষ মুক্তি পায়। জিয়াউর রহমানের একাত্তরের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ২৪ এ আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মেহেরপুর জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, বেগম জিয়া এবং তারেক রহমান কেউ দেশ থেকে পালিয়ে যায়নি। ফ্যাসিস্ট হাসিনা দাম্ভিক ভাবে বলতেন তিনি পালিয়ে যাবেন না।
কিন্তু ফলাফল কি হয়েছে, সারা বিশ্ববাসী দেখেছে। জিয়াউর রহমান হলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাই আবারো ফ্যাসিস্টের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন তারেক রহমান। মেহেরপুর জেলা বিএনপির নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষ প্রতীক যাকে দেওয়া হবে তাকেই বিজয়ী করবেন আপনারা। তারেক রহমানের নতুন বাংলাদেশ ঘুরতে ধানের শীষ প্রতীক বিজয়ী করার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিলটন।










