মিরপুরে বিহারী মিল্লাত ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে আহত ৪

অনলাইন ডেস্ক:

রাজধানীর মিরপুর ১১-এর বিহারী মিল্লাত ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরি ও চাপাতির আঘাতে অন্তত ৪ জন আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে বিহারী ক্যাম্পের স্থানীয় সন্ত্রাসী ডলার, ভবন ও রাজস্ব একত্র হয়ে হামলা চালায়। তাদের হাতে ছিল ছুরি ও চাপাতি। হামলায় আহতরা হলেন- সৈয়দ হাসান সোহেল (৩৪), মো. হৃদয় (২২), মো. রনি (৪০) ও ডলার (৩০)। এর মধ্যে সোহেল মাথা ও পিঠে গুরুতর আঘাত পেয়েছে।

তিনি পল্লবী থানা ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে। হৃদয় পিঠ ও হাতে আঘাত পেয়েছে, রনির হাতে আঘাত ও ডলার মাথার ডান পাশে আঘাত পেয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, আহতদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে ভোর ৪টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন। এ বিষয়ে পল্লবী থানার ওসি মো. শফিউল আলম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন আছে।