নিজস্ব প্রতিবেদক:
আজ সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পরিচিত। এ উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশের বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়া প্রতিষ্ঠানটি সেমিনার, বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিলের কর্মসূচিও হাতে নিয়েছে।
মসজিদে মসজিদে আজ বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ইসলামি ঐতিহ্য অনুযায়ী, মানবকল্যাণ ও পরকালীন মুক্তির জন্য মহানবী (সা.)-এর জীবনাদর্শকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার উপর গুরুত্বারোপ করা হয়।










