লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ২ জন নিহত, আহত অন্তত ১৫

জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আনন্দ পরিবহনের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের রহমতখালী খালে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। অচেতন অবস্থায় তিনজন এবং জীবিত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে, অপর একজনের অবস্থা আশঙ্কাজনক।

এখনো নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ সম্পন্ন করেছি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।”