নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সময় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতের আর্মি ডে উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
ভারতের সেনাপ্রধান জানান, নভেম্বর মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার আলোচনা হয়েছিল। তিনি বলেন, “দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যে সমন্বয় আগে ছিল, তা এখনও অটুট রয়েছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক।”
জেনারেল দ্বিবেদী আরও বলেন, “আমরা প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে হবে এবং পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়।”
তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য উদ্ধৃত করে বলেন, “বাংলাদেশের জন্য ভারত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভারতের জন্যও বাংলাদেশ সমান গুরুত্বপূর্ণ। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়োজন।”
বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানান ভারতের সেনাপ্রধান। তবে তিনি আশ্বাস দেন, পরিস্থিতি স্থিতিশীল হলেই এই কার্যক্রম পুনরায় শুরু হবে।
দুই দেশের সামরিক সম্পর্কের পাশাপাশি সামগ্রিক সম্পর্ক স্বাভাবিক করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, “নির্বাচিত সরকার দায়িত্ব নিলেই সম্পর্ক আরও মজবুত হবে।”











