ভূমিকম্পের পর জাপানে এবার সুনামির সতর্কতা জারি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু এলাকায় সোমবার (১৩ জানুয়ারি) রাতে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচি প্রিফেকচারে এক মিটার উচ্চতার ঢেউয়ের সম্ভাবনায় সুনামি সতর্কতা জারি করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সরকারি গণমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, মিয়াজাকি শহরে ইতোমধ্যেই ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। শহরটিতে প্রায় ৪ লাখ মানুষের বসবাস।

ভূমিকম্প-পরবর্তী সতর্কতায় স্থানীয়দের সমুদ্র থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, সুনামি সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলে না যাওয়ার জন্য জনগণকে সতর্ক করা হয়েছে।

এদিকে, ভূমিকম্পের প্রভাবে পশ্চিম জাপানের ইকাতা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং নিকটবর্তী দুটি বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টোকিও থেকে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।